লক্ষ্মীপুরে নতুন তিন প্রকল্পের ঘোষণা: ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে নতুন তিনটি বড় উন্নয়ন প্রকল্প ঘোষণার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্প্রতি সরকার লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ এবং মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা দেয়। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাছিবুর রহমান অভি। মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী তারেক রহমান এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

এ সময় বক্তারা বলেন, ‘লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বর্তমান সরকার আমাদের এই দাবিকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করেছে, যা এই অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে।’

আনন্দ মিছিলে জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এম এ মজিদ, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেলসহ লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।