
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতি থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহের (৩৫)কে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে র্যাব-১১ ও র্যাব-৭–এর একটি যৌথ দল তাকে আটক করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর পতেঙ্গার চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে জাহেরকে ধরা হয়। গ্রেপ্তারের পর জাহের নিজ নাম–পরিচয় নিশ্চিত করে এবং তার বিরুদ্ধে থাকা যাবজ্জীবন দণ্ডের বিষয়টিও স্বীকার করে।
মামলার নথিপত্র পর্যালোচনায় জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০–এর ৯(১) ধারায় দায়ের হওয়া ধর্ষণ মামলার বিচার শেষে ২০১৪ সালে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জাহেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান পাল্টে পাল্টে তিনি আত্মগোপনে ছিলেন। পরে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তার অবস্থান শনাক্ত করে।
গ্রেপ্তার হওয়া জাহেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে লক্ষ্মীপুরের রামগতি থানা–পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
