লক্ষ্মীপুরে তেল নিতে গাড়ির দীর্ঘ সারি, ঝুমুর চত্বর থেকে বাসটার্মিনাল পর্যন্ত যানজট

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌর শহরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন দূরপাল্লার যানবাহনের দীর্ঘ সারির কারণে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শহরের মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল নিতে বিকেল থেকেই বিভিন্ন ধরনের যানবাহন অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ অপেক্ষার পর সন্ধ্যার পর থেকে গাড়িগুলোকে তেল সরবরাহ করা শুরু হয়। এতে করে ফিলিং স্টেশনটির সামনে ও আশপাশের সড়কে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।

এ কারণে শহরের ঝুমুর চত্বর থেকে মজুচৌধুরীর ঘাট আঞ্চলিক মহাসড়কের বাসটার্মিনাল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

তবে যানজট নিরসনে জেলা পুলিশের সদস্যদের সক্রিয় ভূমিকা দেখা গেছে। তারা সড়কে দায়িত্ব পালন করে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন এবং যানজট যাতে আরও বাড়তে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেন।

স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশনে একসঙ্গে বেশি সংখ্যক যানবাহন তেল নিতে আসায় সড়কে চাপ বেড়ে যায় এবং এর ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সৃষ্টি হয়।