
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা ও যুবদল নেতা টুটুল পাটোয়ারীকে ‘অস্ত্র দিয়ে ফাঁসানো’র প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আহত জুলাই যোদ্ধা ফাউন্ডেশনের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি হয়।
এর আগে গত রোববার সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের আলীরাজ পাটোয়ারী বাড়ির একটি বাগানে পড়ে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়—টুটুল পাটোয়ারীর বাড়ির পাশের এলাকা থেকে অস্ত্র উদ্ধারের সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার পর রোববার গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন টুটুল পাটোয়ারী। তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর বাড়ির পাশে অস্ত্র রেখে ‘নাটক সাজানো’ হয়েছে। এ ঘটনায় তিনি জামায়াতের একটি অংশকে দায়ী করেন। টুটুল পাটোয়ারী দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
সোমবার সারাদিন জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা এ ঘটনাকে ‘অস্ত্র উদ্ধারের সাজানো নাটক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।
আজকের মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদল নেতা আমীর হামজা রাজু, এম এ মমিন, মো. জহির উদ্দিন ও ভুক্তভোগী টুটুল পাটোয়ারী।
কর্মসূচি সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু।
বক্তারা বলেন, টুটুল পাটোয়ারী দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আওয়ামী লীগ সরকারের সময় তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সরকারিভাবে জুলাই যোদ্ধার স্বীকৃতিও পান।
বক্তাদের অভিযোগ, এখন একটি গোষ্ঠী তাঁর বাড়ির পাশে অস্ত্র রেখে নতুন করে মামলায় জড়ানোর চেষ্টা করছে। অথচ টুটুল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে থাকেন না; দালাল বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তাঁরা আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে ‘অস্ত্র উদ্ধারের নাটক’ সাজানো হলে তা গ্রহণযোগ্য নয়। যে ব্যক্তি তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহযোগিতা করেছেন, তাঁকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান বক্তারা।
