লক্ষ্মীপুরে কোস্টগার্ডের অভিযান: ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫-এর অংশ হিসেবে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টেশন লক্ষ্মীপুরের আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কন্টিনজেন্ট কমান্ডার বদরুল, ইএ-৪-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর অনুমতিক্রমে জব্দ করা আনুমানিক ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।