নারী পরিষদ উপকূলীয় নারীদের জীবনমান উন্নয়নে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সাতক্ষীরা থেকে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা, পরিবেশ ও নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ।

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে কাজ করতে নতুনভাবে কার্যক্রম শুরু করছে নারী পরিষদ। পরিবেশবাদী সংস্থা সবুজ আন্দোলন এর সহযোগিতায় ২৬ আগস্ট শনিবার ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন নিলুফার ইয়াসমিন রুপা, সাধারণ সম্পাদক সাহিন আরা সুলতানা। নবগঠিত কমিটি স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে উপকূলীয় নারীদের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছে।

নারী পরিষদের সভাপতি বলেন, “আমরা জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে কর্মশালা ও সেমিনারের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধি ও জীবনের মান উন্নয়নের জন্য কাজ করব।”

দেশের নিম্নবিত্ত ও প্রান্তিক নারীরা এখনো পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর কারণে বৈষম্য ও সীমাবদ্ধতার মুখোমুখি। তবে বেসরকারি সংস্থা, এনজিও এবং নারী কর্মীদের মাধ্যমে ধীরে ধীরে তাদের ক্ষমতায়ন এবং সামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব নারী ও শিশুদের উপর বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে খাদ্য, পানি, জ্বালানি সংগ্রহ ও স্বাস্থ্যঝুঁকি তাদের বেশি প্রভাবিত করছে। নারীরা এই পরিস্থিতিতে পরিবার ও সমাজকে সহায়তা করার পাশাপাশি নেতৃত্বেও অংশ নিচ্ছেন।

বিশ্বজুড়ে নারী নেতৃত্বে দেখা গেছে, নারীরা প্রকৃতি ও সমাজ সংক্রান্ত পরিকল্পনা ও সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। বাংলাদেশেও উপকূলীয় অঞ্চলের নারীরা ঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছেন।

কমিটির অন্যান্য সদস্যরা বলেন, “নারী ও শিশুদের জন্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক অধিকার রক্ষায় আমরা মাঠ পর্যায়ে কাজ করব।”