লক্ষ্মীপুরে কবরস্থান থেকে পাঁচ রাইফেল ও একটি এলজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বাধেঁর পোল এলাকার একটি কবরস্থান থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে চন্দ্রগঞ্জ থানা–পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশের ধারণা, অস্ত্রব্যবসায়ীরা চন্দ্রগঞ্জ–বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে অবস্থান নিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় একটি অস্ত্রের কারখানার সন্ধান পায় পুলিশ। সেখানে ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। তারই ধারাবাহিকতায় আবারও অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন ওই এলাকায় জড়ো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা কবরস্থানে অস্ত্র ফেলে পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম নোমান বলেন, ‘ঘটনাস্থল থেকে পাঁচটি রাইফেল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো সম্পূর্ণ নতুন। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’