লক্ষ্মীপুরের রায়পুরে জাটকা জব্দ: এতিমখানায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

  • ১০০ কেজি জাটকা নিধনকারী জেলেদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন; ইলিশ রক্ষায় ৮ মাসের নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করতে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণের চলমান নিষেধাজ্ঞার মধ্যেই লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে ১০০ কেজি জাটকা জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জাটকা স্থানীয় কয়েকটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সোমবার (৩ নভেম্বর) সকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী রায়পুরের সাজু মোল্লার ঘাটের পিছনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশেদ হাসান এবং কোস্ট গার্ড বিসিজি স্টেশন রায়পুর-এর সিসিসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশেদ হাসান জানান, প্রতি বছর ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ আট মাস ধরে চলবে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে জাটকা শিকার করছে। এসব পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

মো. রাশেদ হাসান মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী নিষেধাজ্ঞাকালীন সময়ে জাটকা নিধনের পরিণতি সম্পর্কে সতর্ক করেন। এই আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

তিনি নিশ্চিত করেন, উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং জনগণের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে জব্দকৃত ১০০ কেজি জাটকা পীর-এ-কামেল বড় মিয়া ছাহেব বাগদাদী (রঃ) দায়রা এতিম খানা, পীর ফজলুল্লাহ লিল্লাহ বোডিং এতিমখানা, দারুল কোরআন এতিমখানা ও হাফেজীয়া মাদরাসা, দেওয়ান বাড়ি মমতাজুল উলুম ক্বাওমী মাদ্রাসা ও এতিমখানা এবং মধ্য সাগরাদী নূরাণী হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।