
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-এ ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ওয়ামী)-এর উদ্যোগে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বাগবাড়ির একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ামী’র প্রধান উপদেষ্টা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, সহসভাপতি রেজাউল করিম সুমন, মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি সামছুল করিম খোকন এবং হাজিরপাড়া আবুল বাশার একাডেমীর প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন। এ সময় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দিলে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আবদুর রহমান বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ওয়ামী নিয়মিতভাবে বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেধাক্রম অনুযায়ী ৫০ জনকে ট্যালেন্টপুল বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। এছাড়া অন্যান্য কৃতী শিক্ষার্থীদের সাধারণ বৃত্তিপ্রাপ্ত হিসেবে মনোনীত করা হয়েছে। সাধারণ বৃত্তিপ্রাপ্তদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও সনদপত্র সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
