প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় বসতে পারেনি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

কালীগঞ্জে চতুর্থ বিষয় রেজিস্ট্রেশন না হওয়ায় বিপাকে সিয়াম

মোঃ আলমগীর মোল্লা   : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলার অভিযোগে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি এক শিক্ষার্থী। চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষা রেজিস্ট্রেশনভুক্ত না হওয়ায় পরীক্ষাকেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হয় বোয়ালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়ামকে।

সিয়াম ওই বিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। তার এসএসসি পরীক্ষার রোল নম্বর ৫১৩৯৯২ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১০৮১২৬১০।

সিয়াম ও তার বোনজামাই জাকির হোসেন জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য যথাসময়ে চতুর্থ বিষয় কৃষি শিক্ষাসহ রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করা হয়। তবে পরীক্ষার কিছুদিন আগে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পাওয়ার পর তারা দেখতে পান, সেখানে চতুর্থ বিষয় উল্লেখ নেই।

বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মাহাবুবা বেগমকে জানানো হলে তিনি তা সংশোধনের আশ্বাস দেন বলে অভিযোগ করেন তারা।

মঙ্গলবার সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষি শিক্ষা পরীক্ষায় অংশ নিতে গেলে কেন্দ্রসচিব কেএম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির প্রবেশপত্রে চতুর্থ বিষয় না থাকায় সিয়ামকে পরীক্ষায় অংশ নিতে দেননি।

এ বিষয়ে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মাহাবুবা বেগম বলেন, “শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার পর আমি কেন্দ্রসচিবের সঙ্গে কথা বলেছি। কিন্তু প্রবেশপত্রে চতুর্থ বিষয় না থাকায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। তবে চতুর্থ বিষয়ে পরীক্ষা না দিলেও কোনো সমস্যা হয় না।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত বলেন, বিষয়টি তিনি শুনেছেন। পরীক্ষার আগে তথ্যটি জানানো হলে হয়তো সংশোধনের সুযোগ ছিল। প্রধান শিক্ষিকার অবহেলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।