
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের তালপট্টি এলাকায় ইয়াবা ও দেহ ব্যবসায় বাধা দেওয়ায় এক পরিবারের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী শাহ আলম জানান, তিনি মৃত ফয়জল হকের ছেলে এবং কাজের সুবাদে চন্দ্রগঞ্জ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়িতে জেসমিন আক্তার ও তার স্বামী কামাল ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি রাজি না হওয়ায় তাদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পান।
এলাকাবাসীর দাবি, ওই দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিবাদ করলে স্থানীয়দের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা শারমিন আক্তার ও আমেনা বেগম বলেন, “নিশি রাত ও ভোরে অপরিচিত লোকজন আসা–যাওয়া করে। জেসমিন আক্তার ও তার স্বামী কামালসহ তাদের সহযোগীরা ছোট মেয়েদের দিয়ে দেহ ব্যবসা ও ইয়াবা বিক্রি করে।”
ইউপি সদস্য মো. রাহান বলেন, “জেসমিন ও তার বোন নুর নাহার খাবোরী নির্জন এলাকায় বসবাসের সুযোগে অবাধে ইয়াবা ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভয়ে কেউ কিছু বলতে পারছে না।”
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
