
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভাটা মালিকদের জরিমানা প্রায় ২৬ লাখ টাকা
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে এক সপ্তাহের বিরতির পর আবারও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জে ‘মহানগর ইটভাটা’ এবং তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ‘হাজি ইটভাটা’ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত ৬ নভেম্বর থেকে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। এই ১৮ দিনের অভিযানে মোট ৩৬টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং ভাটা মালিকদের প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, “রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৯টি অবৈধ। জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব ভাটা ভেঙে দেয়ার পরও যাতে কেউ পুনরায় চালু করতে না পারে, সে জন্য আমাদের অভিযান চলবে।”
জেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষা ও অবৈধ শিল্প বন্ধে শক্ত বার্তা দেওয়া হচ্ছে।
