লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে লক্ষ্মীপুর জেলা সদরের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ তেমুহানী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেরাটন হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিট ও জনতা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৫৩ ধারায় এ জরিমানা করা হয়েছে।
উম্মে সালমা বলেন, ‘খাবার প্রস্তুত ও বিক্রিতে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’