লক্ষ্মীপুরের রায়পুর ওসি প্রত্যাহার: নতুন দায়িত্ব নিলেন নিজাম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুরে সম্প্রতি মা ও তিন মেয়েকে নির্মমভাবে হত্যাসহ ধারাবাহিক কিছু আলোচিত অপরাধের ঘটনার প্রেক্ষাপটে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে পুলিশ লাইন্সে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে।

বুধবার এই আদেশ কার্যকর হয়। তার স্থলে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিজাম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবেই এই রদবদল আনা হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আবু তারেক স্পষ্ট করেছেন, “এটি নিয়মিত প্রশাসনিক বদলিরই অংশ।”

সাম্প্রতিক সময়ে রায়পুর উপজেলায় একের পর এক অপরাধমূলক ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

দায়িত্ব গ্রহণের পরপরই নতুন ওসি নিজাম উদ্দিন জানান, তিনি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। বিশেষ করে এলাকায় চলমান গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এই রদবদলের ফলে রায়পুর থানা এলাকায় আইনশৃঙ্খলার উন্নয়নে নতুন গতি আসবে এবং জনমনে স্বস্তি ফিরবে।