লক্ষ্মীপুরের চার আসনে ভোটের উত্তাপ, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা, ১ জানুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে শুরু হয়েছে লক্ষ্মীপুরের চারটি আসনে। বিএনপি ও জামায়াত প্রধান দুই রাজনৈতিক দল হিসেবে মাঠে সক্রিয় হলেও, অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের কাছে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

লক্ষ্মীপুরের সব আসনই ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সব আসনে জয়লাভ করেছিল দলটি। ২০১৪ সালে বিএনপিসহ বিরোধী দলগুলো ভোট বর্জন করায় একতরফা নির্বাচনে সব আসন আওয়ামী লীগের দখলে চলে যায়। এবার বিএনপি পুরনো আসনগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে সক্রিয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারটি আসনে মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যার মধ্যে ৩৫ জন তা জমা দিয়েছেন।

আসনভিত্তিক পরিস্থিতি:

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): বিএনপির জোটসঙ্গী এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রার্থী। জামায়াতের নাজমুল হাসান পাটওয়ারী ও ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারীও ভোটের মাঠে সক্রিয়।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের অংশ): বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের এম রুহুল আমিন ভূঁইয়া।

লক্ষ্মীপুর-৩ (সদর): বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রার্থী, জামায়াতের ড. রেজাউল করিম। গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও অংশ নিচ্ছেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর): বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রার্থী, জামায়াতের এ আর হাফিজ উল্যা। এছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার এবং এবি পার্টির প্রার্থীরাও সক্রিয়।

প্রার্থীরা সক্রিয়ভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত এবার বিএনপির প্রভাবশালী আসনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে পারে।