রায়পুর পৌরসভার ৯ প্রকল্পে লটারি, গুরুত্ব পাচ্ছে পানি, স্যানিটেশন ও সড়কবাতি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

স্বচ্ছ প্রক্রিয়ায় ঠিকাদার নির্বাচন, নাগরিকদের তদারকির আহ্বান

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে এসব প্রকল্পের কাজ বণ্টন করা হয়।

লটারি কার্যক্রম পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার। সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়াতে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—পৌরসভার চলমান পানি সংকট নিরসনে দুটি উৎপাদক নলকূপ স্থাপন, নতুন বাজার এলাকায় একটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং পৌরসভার সব ওয়ার্ডে সড়কবাতি স্থাপন।

এ ছাড়া লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের পৌরসভার আওতাধীন অন্ধকারাচ্ছন্ন এলাকায় ১০০টি দৃষ্টিনন্দন এলইডি স্ট্রিট লাইট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের মাধ্যমে শহরের নিরাপত্তা বাড়বে এবং মাদক, ছিনতাই ও চুরির মতো অপরাধ কমতে পারে।

পৌর প্রশাসন জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।

পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, “এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর জীবনমান উন্নয়ন হবে। আমরা চাই কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে সঠিক মান বজায় রেখে শেষ হোক।”

তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলমান উন্নয়নকাজে সবাই যেন নজরদারি করেন এবং কাজের গুণগত মান যাচাইয়ে সক্রিয় ভূমিকা রাখেন।

স্থানীয় বাসিন্দারা এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নাগরিক ভোগান্তি কমানোর দাবি জানিয়েছেন।