পিরোজপুরের তিন আসনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পৃথক সময়ে পিরোজপুর–১, পিরোজপুর–২ ও পিরোজপুর–৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যাচাই-বাছাইয়ে পিরোজপুর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এ ছাড়া পিরোজপুর–৩ আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সেগুলো দাখিলের পর মনোনয়ন বৈধতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।