
মো. ওমর ফারুক, জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের মন জয় করতে ঘরে ঘরে যাবে যুবদল। মানুষের কথা শোনা ও আগামী দিনের দেশ পরিচালনায় বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে রায়পুর উপজেলা যুবদল।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর শহরের মিয়াজী মার্কেটে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানের সভাপতিত্বে ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট।
প্রধান অতিথি রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু তার বক্তব্যে বলেন, “যুবদলই আগামী দিনের রাজনীতির চালিকাশক্তি। জনগণের দুঃখ-দুর্দশা শুনে তাদের পাশে দাঁড়াতে হবে। এডভোকেট আরমানের নেতৃত্বে রায়পুর যুবদল নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে।”
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজনে বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনে ঘরে ঘরে গিয়ে তাদের কথা শোনা এবং দলের কর্মসূচি জানানোই হবে যুবদলের মূল কাজ।
