
মোঃ ওমর ফারুক : লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দক্ষিণ দেনায়েতপুর এলাকার মো. জাকারিয়া (সজিব) (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাকারিয়া মেস্তুরী বাড়ির বাসিন্দা। তিনি দক্ষিণ দেনায়েতপুর, পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মো. শফিক ও পারুল বেগমের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহি উদ্দিন আহমদ এর নেতৃত্বে রাত ১২টা ৩৫ মিনিটের সময় রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. জাকারিয়ার বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, জাকারিয়ার বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ ছিল। তার কর্মকাণ্ডে এলাকাবাসী আতঙ্কে ছিলেন। গ্রেফতারের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় কঠোরঅবস্থানে রয়েছি। জাকারিয়ার মতো অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।
