রায়পুরে বাজার তদারকি অভিযানে বেসরকারি হাসপাতালে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে রায়পুরের সেবা হাসপাতাল-এ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি এবং রোগীদের প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে রায়পুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের অধিকার রক্ষা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।