
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। শনিবার তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সদ্য যোগদান করা ৪৮তম বিসিএসের স্বাস্থ্য কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স, টেকনোলজিস্টসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রামগতির সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
তিনি হাসপাতালের সেবার মান পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি চলমান এমআর (মিজলস-রুবেলা) ক্যাম্পেইন কার্যক্রমও পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিভিল সার্জনের এ পরিদর্শন রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
