
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : “নববর্ষের ঐক্যতান—গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। নতুন আশা ও উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলে মিলিত হয়। এতে নানা প্রতীকী মুখোশ, প্ল্যাকার্ড ও বাংলার ঐতিহ্যবাহী উপস্থাপনা স্থান পায়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন নিপা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান, থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান (পিপিএম), উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়।
নববর্ষ উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা লোকজ আয়োজন। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তিতে জমে ওঠে অনুষ্ঠান। একই সঙ্গে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
এদিকে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে রামগতির চারুকলা অনুষদের উদ্যোগে পৃথক শোভাযাত্রা বের করা হয়। এতে নানা প্রতীকী মুখোশ ও শিল্পকর্মের মাধ্যমে নতুন বছরের বার্তা তুলে ধরা হয়।
নববর্ষকে ঘিরে সকাল থেকেই রঙিন পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উৎসবে যোগ দেন। শিশুসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো উপজেলা আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
