
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)–এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
সোমবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফারিয়া রামগতি উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেনসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এতে বিপুলসংখ্যক শিক্ষিত ও দক্ষ ফার্মা রিপ্রেজেন্টেটিভ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। তারা চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে নতুন ওষুধের তথ্য, কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে জনগণের সেবায় ভূমিকা রাখেন।
তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের ‘দালাল’ বলে অবমাননাকর মন্তব্যের শিকার হতে হচ্ছে, যা তাদের ও পরিবারের জন্য মানসিকভাবে কষ্টদায়ক। এ ধরনের শব্দচয়ন বন্ধের দাবি জানান তারা।
এছাড়া বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফার্মা রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি। এজন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
