
ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা, আহত ১
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর (কচুয়া) : চাঁদপুরের কচুয়া–হাজীগঞ্জ–গৌরিপুর আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও পিকআপের চাপায় ইব্রাহিম হোসেন সাগর (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন সাগর কুমিল্লা কোতোয়ালি থানার শাসনগাছা (আড়াইউরা) গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তার নানাবাড়ি কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে। আহত শাহাদাত হোসেন (২৯) কচুয়া উপজেলার করইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ বেপরোয়া গতিতে কচুয়ার দিকে আসছিল। ডুমুরিয়া এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে যানবাহন দুটি একে অপরকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত শাহাদাত হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
নিহত সাগর তার মামার একটি গাড়িতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও পিকআপ জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
