রংপুর–ঢাকা রুটে আনসার–ভিডিপির বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

আলামীন, রংপুর : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুর–ঢাকা রুটে আনসার–ভিডিপি সদস্যদের জন্য বাস সার্ভিস চালু হয়েছে। 

বৃহস্পতিবার লালমনিরহাটের ৩৪ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সার্ভিসটির উদ্বোধন করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আনসার–ভিডিপি সদর দপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় চালু হওয়া ৪২ আসনের এ বাসটিতে রংপুর রেঞ্জের তিনটি ব্যাটালিয়ন এবং আট জেলার কর্মকর্তা ও সদস্যরা নিরাপদে যাতায়াত করতে পারবেন। ছুটি ও নাইট পাসের যাত্রীরাও এ বাসে অগ্রাধিকার সুবিধা পাবেন।

পরিকল্পনা অনুযায়ী, বাসটি প্রতি বৃহস্পতিবার বিকেলে রংপুর থেকে ঢাকা যাবে এবং শনিবার ঢাকা থেকে রংপুর ফিরবে।

উদ্বোধন বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ‘রংপুর থেকে ঢাকায় নিরাপদ যাতায়াতের সুযোগ সৃষ্টি করায় বাহিনীর মহাপরিচালককে ধন্যবাদ জানাই। এতে মাঠপর্যায়ের সদস্যরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মো. শহিদুল ইসলামসহ ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা।