
আলামীন রংপুর : রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ন্যূনতম আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ২০২২ সাল থেকে নিয়মিত অনুদান দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, “এটি কোনো ক্ষতিপূরণের বিকল্প নয়, তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।”
বিশেষ অতিথির বক্তব্যে যুগ্ম সচিব রুবাইত-ই আশিক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, দক্ষ চালক তৈরি এবং সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত কার্যক্রম জরুরি। দুর্ঘটনা-পরবর্তী সহায়তা কার্যক্রম সরকারের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। জেলা প্রশাসন, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্ঘটনা কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এই সহায়তা সাময়িক হলেও পরিবারগুলোর জন্য তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্সিং, যানবাহনের ফিটনেস এবং পরিবহন ব্যবস্থাপনায় বিআরটিএর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। তিনি জানান, দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তির পরিবারের সদস্যরা একবার বিআরটিএ কার্যালয়ে যোগাযোগ করলে পরবর্তী প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করে সহায়তার চেক প্রদান করা হয়। একই সঙ্গে তিনি সকলকে সড়কে চলাচলে ট্রাফিক নিয়ম মেনে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার লিমন রায়, মোটরযান পরিদর্শক মাহবুবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
