
বিআরটিএ কল্যাণ ট্রাস্টের সহায়তা, সচেতনতার ওপর জোর
আলামীন , নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ৭১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ কল্যাণ ট্রাস্ট বোর্ডের মাধ্যমে ২৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, “সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই বড় ক্ষতি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।” তিনি জানান, সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশল) মো. শফিকুল আলম সরকার বলেন, “বিআরটিএ শুধু যানবাহনের ফিটনেস বা ড্রাইভিং লাইসেন্স প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও আমরা কাজ করছি।” তিনি জানান, বিআরটিএ কল্যাণ ট্রাস্ট বোর্ডের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ‘ফরম-৩২’ পূরণ করে আবেদন করতে হয়। আবেদন সংশ্লিষ্ট বিআরটিএ জেলা কার্যালয়ে জমা দিয়ে যাচাই-বাছাই শেষে দ্রুত সহায়তা প্রদান করা হয়। প্রয়োজনীয় ফরম ও তথ্য বিআরটিএর ওয়েবসাইটে পাওয়া যায়।
অনুষ্ঠানে মোটরযান পরিদর্শক মো. মাহবুবার রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের আরও দায়িত্বশীল হতে হবে। যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।”
অনুদানপ্রাপ্ত পরিবারগুলো সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
