
রংপুর প্রতিবেদক:
রংপুরে একটি চলমান মামলার স্বাক্ষীকে দীর্ঘদিন ধরে মৃত্যু হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আব্দুস সালাম রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা-য় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাকে সরাসরি ও মোবাইল ফোনে “মেরে ফেলবে” এবং “মৃত্যু নিশ্চিত করবে” বলে হুমকি দিয়ে আসছেন।
মোঃ আব্দুস সালাম কুকরুল মৌজার সাবেক দাগ নং–৪১ এবং হাল দাগ নং–৩৩ ও ৩৭-এর জমির পাওয়ার অব অ্যাটর্নি ধারক। তিনি মামলা নং–৮৪২/২৫-এর ১ নম্বর স্বাক্ষী। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত মোঃ আউয়াল পূর্বেও একবার সালামকে মারধর করেছেন। এছাড়া তাকে বিভিন্ন সময় পঙ্গু করে দেওয়ার হুমকি এবং তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করার ভয় দেখানো হয়েছে।
ভুক্তভোগী মোঃ আব্দুস সালাম বলেন,
“আমি একজন সাধারণ নাগরিক। একবার আমাকে মারধর করা হয়েছে, এখন আবার নিয়মিত মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমি চরম আতঙ্কে আছি। বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাইতে হয়েছে।”
থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত আউয়াল পূর্বেও ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন অপকর্মে জড়িত। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সরকারের কাছে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
