
নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মোটরসাইকেল চালক, ব্যবসায়ী ও সাধারণ ব্যবহারকারীরা।
রোববার সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন মোটরসাইকেল ব্যবহারকারী সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয়; এটি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে গ্রামাঞ্চলে যোগাযোগব্যবস্থায় মোটরসাইকেলের বিকল্প খুবই সীমিত। এ অবস্থায় নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে সাধারণ ক্রেতা, নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
বক্তারা আরও বলেন, প্রস্তাবিত অগ্রিম আয়কর কার্যকর হলে মোটরসাইকেলের দাম বাড়বে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ সৃষ্টি হবে, অন্যদিকে মোটরসাইকেল ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষ ক্ষতির মুখে পড়বেন।
মানববন্ধন থেকে সরকারের কাছে প্রস্তাবিত অগ্রিম আয়করের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
