মুক্তিযুদ্ধই আমাদের সর্বোচ্চ পরিচয়: ড. আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

ডেস্ক নিউজ : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সবকিছুর ঊর্ধ্বে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও ত্যাগকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

আজ সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের ১৬তম দিনের বৈঠকে তিনি এসব কথা বলেন। 

বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘আজসহ আমাদের হাতে ১০ দিনের মতো সময় আছে। এর মধ্যেই রাষ্ট্রীয় সংস্কারসংক্রান্ত সব বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। প্রয়োজনে এক-দুইদিন সময় বাড়ানো যেতে পারে, তবে এই সময়ই মূল সময়। পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু একদিনের যুদ্ধ করে এই রাষ্ট্র অর্জন করিনি। বহুদিনের আন্দোলন-সংগ্রাম, লাখো মানুষের ত্যাগ, গণঅভ্যুত্থান ও শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরবর্তী সময়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৫৩ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। গণতন্ত্রের পথচলায় আমরা নানা বাধা অতিক্রম করেছি, ফ্যাসিবাদী শাসনের মুখোমুখিও হয়েছি।’

ড. রীয়াজ রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের অতীত ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে এগিয়ে যেতে হবে। মতপার্থক্য ভুলে রাষ্ট্র ও জনগণের স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে হবে।’

আজকের বৈঠকে আলোচ্য বিষয় ছিল—প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেন।