মাদকমুক্ত সমাজ গড়তে আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান এ্যানির

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মাদকমুক্ত সমাজ গঠনে রাজনীতিবিদদের পাশাপাশি আলেম-ওলামা ও ইমাম-খতিবদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরে শানে-সাহাবা খতিব ফাউন্ডেশন আয়োজিত ইমাম-খতিব কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ্যানি বলেন, ‘দেশের প্রতিটি প্রান্তে মাদকের বিস্তার ঘটছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনীতিবিদদের সঙ্গে আলেম-ওলামাদেরও এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতন ও দমন-পীড়ন থেকে এ দেশের আলেম-ওলামারাও রেহাই পাননি। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে তাদের ভূমিকা অপরিসীম। ইসলামের আলোকে সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।’

এ্যানির ভাষায়, ‘রাষ্ট্র বা রাজনীতিতে যত সংস্কারই করি না কেন, যদি সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে, তাতে কোনো উন্নয়ন টেকসই হবে না। ইমাম-খতিবরাই পারেন সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শানে-সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্যাহ তারেকী, টুমচর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, মাওলানা মুজাহিদুল হক ও মাওলানা হাবিব উল্যাহ।