বিভিন্ন ভাতা ও কার্ডের প্রলোভনে মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে একটি দল : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

স্টাফ রিপোর্টার  : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল উন্নয়ন ও সমৃদ্ধির পথে না গিয়ে বিভিন্ন ভাতা ও নানা ধরনের কার্ডের প্রলোভন দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন—‘শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছে’। এই বক্তব্য অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের বক্তব্য থেকেই বোঝা যায়, কেন দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ বিরোধিতার নামে বিভিন্ন রাজনৈতিক দলে ফ্যাসিবাদের দোসররা থেকে গেছে। তাদের পারস্পরিক বোঝাপড়া ও অভ্যন্তরীণ সমঝোতার কারণেই বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে প্রকৃত মুক্তি পায়নি।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে না নিয়ে একটি দল বিভিন্ন ভাতা ও নানা ধরনের কার্ড দিয়ে মানুষকে নির্ভরশীল করে রাখছে। অথচ ১১ দলীয় জোট বেকারদের কোনো কার্ড দিয়ে নয়, বরং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চায়।”

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।