বিএনপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ, ১৯ সুপারিশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা, নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন দল বিএনপির সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। সাত সদস্যের এ প্রতিনিধি দলটি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনা করে।

সাক্ষাৎ শেষে জানা যায়, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছে ইইউ প্রতিনিধি দল। একই সঙ্গে তারা বিএনপির কাছে ১৯ দফা সুপারিশসম্বলিত একটি প্রস্তাবনা তুলে দিয়েছে। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন।

বৈঠকে নির্বাচন ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।