বান্দরবানের লামায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান : টানা বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক নারী ইউপি সদস্য গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন মো. ইউনুছ (২৮), তাঁর স্ত্রী রানু আক্তার (২২) ও তাঁদের চার বছরের শিশুসন্তান মো. সোলেমান। অপর দুই নিহত ব্যক্তি হলেন জুয়েল (২৭) ও তাঁর স্ত্রী কুলসুমা আক্তার (২৩)।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার থেকে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ পাহাড় ধসে মো. ইউনুছ ও জুয়েলের বসতঘরের ওপর বিশাল মাটির স্তূপ আছড়ে পড়ে। এতে দুই পরিবারের সদস্যরা মাটিচাপা পড়েন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করলেও এর আগেই ঘটনাস্থলে ওই পাঁচজনের মৃত্যু হয়।

এদিকে, একই রাতে দেড়টার দিকে আজিজনগর ইউনিয়নের উত্তরপাড়ায় সংরক্ষিত নারী ইউপি সদস্য রেহানা বেগমের বসতবাড়ির ওপরও পাহাড় ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলার মা-মনি জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। গত চার দিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং ও অনুরোধ করা হয়েছিল। অনেকে প্রশাসনের সতর্কবার্তা উপেক্ষা করে সেখানে অবস্থান করায় এমন প্রাণহানির ঘটনা ঘটল।” তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।