
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার পার-নওয়াপাড়া গ্রামে নিজের ভোগদখলীয় মাছের ঘের অবৈধভাবে দখলের অভিযোগ তুলেছেন এক মৎস্য চাষি। মো. ইশারাত খান নামের ওই ভুক্তভোগী ঘেরটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার (২২ জুন) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইশারাত খান বলেন, প্রায় ১৯ বছর আগে স্থানীয় হারুন শেখের সঙ্গে যৌথভাবে পার-নওয়াপাড়া বিলে মাছের ঘের পরিচালনা করতেন। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে সাড়ে তিন বিঘা জমির ওপর ঘের পরিচালনা শুরু করেন। এর মধ্যে স্থানীয় অজিয়ার রহমানের এক বিঘা জমি বন্ধকসূত্রে তাঁর দখলে আসে এবং স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে তিনি দীর্ঘসময় ধরে জমিটি ব্যবহার করে আসছিলেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট অজিয়ার রহমান জোরপূর্বক তাঁর মাছের ঘেরটি দখল করে নেন। বিষয়টি সুরাহার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আইনজীবীদের মাধ্যমে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ইশারাতের দাবি, এক বিঘা জমি ছাড়া বাকি জমির মালিকানার কোনো বৈধ কাগজপত্র প্রতিপক্ষ দেখাতে পারেননি। তারপরেও সাড়ে তিন বিঘা জমির ঘেরটি বর্তমানে অজিয়ার রহমানের দখলে রয়েছে।
এ ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন উল্লেখ করে ইশারাত খান বলেন, ‘আমি এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত চাই এবং আমার বৈধ দখল ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ভাই সেকেন্দার খান, বাসারত খান ও ভাগ্নে জেলাল হাওলাদার উপস্থিত ছিলেন।
