বরিশালে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

বাপিন ব্যানার্জী, বরিশাল :  বরিশালে মানবিক সহায়তা হিসেবে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সিংয়েরকাঠী আশ্রয়কেন্দ্রে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচির আয়োজন করে বরিশাল সদর উপজেলা প্রশাসন। বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানতা সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, সহকারী পরিচালক সজ্জাদ পারভেজ এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমান

সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা মানতা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে জেলা প্রশাসক উপস্থিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

প্রতিটি পরিবারকে দেওয়া হয় ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় মশলা।জানা গেছে, পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলায় মোট ৩১৬টি মানতা পরিবারের মধ্যে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।