বন্যা ও ভূমিধস: চট্টগ্রাম ও বান্দরবানে সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বাংলাদেশের চট্টগ্রাম ও বান্দরবানে দুর্গতদের সহায়তায় সেনা মোতায়েন করেছে সরকার।

মঙ্গলবার (৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, “মোতায়েনকৃত সেনাসদস্যরা নিরলসভাবে উদ্ধার তৎপরতা, জরুরি ত্রাণকার্য পরিচালনা, চিকিৎসা সহায়তা প্রদান ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক সহায়তা কার্যক্রম চালাচ্ছে।”
“এছাড়াও সেনাবাহিনীর অন্যান্য ফরমেশনগুলো দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সদা প্রস্তুত রয়েছে,” বিজ্ঞপ্তিতে বলা হয়।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে আইএসপিআর।
টানা ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে আছে বান্দরবান জেলা। বান্দরবান শহরের প্রায় ৯০ ভাগ এলাকাই প্লাবিত হয়েছে। এই অবস্থায় বান্দরবান ‘কার্যত বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে।

বিভিন্ন জায়গা থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এ ছাড়া জেলা শহরের অনেক মানুষ বাড়িঘর ছেড়ে হোটেলে ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে জেলায় দুই শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তাসলিমা সিদ্দিকা।

অন্যদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগের পাশাপাশি পাহাড়ি নদীগুলোর পানি বেড়ে এবং খাল-জলাশয় উপচে চট্টগ্রামের ১৩টি উপজেলার প্রায় তিন লাখ মানুষও পানিবন্দি হয়ে পড়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি সব উপজেলায় বন্যা সৃষ্টি হয়েছে। ফটিকছড়ি ছাড়া সব উপজেলা কম বেশি প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা।”

পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তা উদ্ধারে কাজ করছে সেনা সদস্যরা। ৮ আগস্ট ২০২৩।