
রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল বাজারে ভেজাল ও নষ্ট দই বিক্রির অভিযোগে ‘রফিক দই অ্যান্ড মিষ্টি ভান্ডার’ নামক একটি মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারার আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম। অভিযানে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানটি পচা ও বাসি দই-মিষ্টি সংরক্ষণ এবং বিক্রি করছিল।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব খাদ্যদ্রব্য তাৎক্ষণিকভাবে জনসম্মুখে ধ্বংস করা হয়। একইসঙ্গে দোকান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম বলেন, “ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
অভিযানকালে বাজারে উপস্থিত স্থানীয় জনগণ ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
