
রতন আলী, নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫) সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “১৬ জুলাই আমাদের গণতান্ত্রিক ইতিহাসের এক বেদনাবিধুর ও তাৎপর্যপূর্ণ দিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের এই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাঁরা চিরস্মরণীয়। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ সুগম করেছে। নতুন প্রজন্মকে সেই গৌরবময় ইতিহাস জানাতে হবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।”
আলোচনার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা বয়াত রেজা ও অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সম্পাদক ও নাটোর-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবীর, অন্যান্য ছাত্র প্রতিনিধি, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহামুদুল হাসান মেমন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।
