মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

মানববন্ধনে জেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পরিবহন চালকদের অতিরিক্ত আর্থিক চাপ ও ভোগান্তি তৈরি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সেতুটি টোলমুক্ত করার দাবি জানান তারা।

নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক তরিকুল আলম মোল্লা মানববন্ধনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত এই সেতু জনগণের সুবিধার্থে টোলমুক্ত করা এখন সময়ের দাবি। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

মানববন্ধনে অন্য বক্তারাও বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর ন্যায্য অধিকার আদায়ে এ আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ কর্মসূচিকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও পরে শান্তিপূর্ণভাবে তা শেষ হয়।