বড়াইগ্রামে জামায়াতের জনসভা, জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়া বাইপাস চত্বরে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খাঁন বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে। চারটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে জামায়াতের প্রতি জনগণের আস্থা তার প্রমাণ।’

তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। বহির্বিশ্বের কাছে ভিক্ষা নির্ভরতা কমিয়ে দেশের আত্মনির্ভর অর্থনীতি গড়ে তোলাই তাদের লক্ষ্য।

সভায় তিনি জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যাকারীদের বিচার, দুর্নীতিবাজদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি—এই পাঁচ দফা দাবি তুলে ধরেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নাটোর–৪ আসনের দলীয় প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খাঁন, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, এবং অধ্যাপক ইউনুস আলী।

জনসভায় আরও বক্তব্য দেন নাটোর–৩ আসনের প্রার্থী অধ্যাপক মো. সাইদুর রহমান, নাটোর–১ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সহসচিব আতিকুল ইসলাম রাসেল, গুরুদাসপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম এবং জেলা শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক এবং সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা ইব্রাহিম পাটোয়ারী।