
- মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান
চাঁদপুর সংবাদ: ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারি বিধিনিষেধ অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ট্রাক্টর মালিক আরিফ হোসেন মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদুল হাসান বলেন, “কৃষিজমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোথাও মাটি কাটার ঘটনা ঘটলে নির্বিঘ্নে ও নির্ভয়ে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।”
জব্দকৃত ট্রাক্টর দুটি স্থানীয় প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় ফরিদগঞ্জ থানা পুলিশ ও রুপসা উত্তর ইউনিয়ন ভূমি অফিস সহায়তা করেছে।
