প্রার্থীদের নির্বাচনী খরচ সরকার বহন করলে কালো টাকার প্রভাব কমবে: ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : প্রার্থীদের নির্বাচনী খরচ সরকার বহন করলে অযোগ্যদের অবৈধ অর্থের দৌরাত্ম্য কমে যাবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

 রোববার ঝালকাঠি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আমাদের দেশে সৎ মানুষ রাজনীতিতে আসে না, কারণ তাদের কালো টাকা নেই। ভোটারদেরও অনৈতিক সুবিধা না নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।” 

তিনি আরও বলেন, “রাষ্ট্র যখন কোটি কোটি টাকা অন্য খাতে ব্যয় করতে পারে, তখন গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনের খরচ বহন করাও সম্ভব।”

রাজনৈতিক কাঠামো প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন, “দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে উচ্চকক্ষ যুক্ত করে কোনো লাভ হবে না; বরং দুর্নীতির নতুন পথ খুলবে। ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই এখন সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।”

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি দল যেমন প্রশ্নাতীতভাবে বিলুপ্ত হয়েছিল, অথচ আওয়ামী লীগ নির্বিচারে হত্যা, গুম, গণহত্যা করেও টিকে আছে। তারা এখন আর রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না।”

মতবিনিময় সভায় এবি পার্টির ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ জামাল হোসেনকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, ঝালকাঠির শিক্ষা, স্বাস্থ্য ও নদীভাঙন রোধে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, ঝালকাঠি জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম, বরিশাল জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানভীর আহমেদ ও রায়হান উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।