
নিজস্ব প্রতিবেদকঃ
বীর মুক্তিযোদ্ধা, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া মারা গেছেন। একদিনে দুই এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত পৃথক দুই বিবৃতিতে দুই এমপির প্রতি গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী বীর মক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম এ কে এম শাহজাহান কামাল-এর আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুম আবদুস সাত্তার ভূঁইয়ার পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার ভোরে ১৭ মিনিটের ব্যবধানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল ও আবদুস সাত্তার ভূঁইয়া মারা যান। এর মধ্যে ৩টা ২ মিনিটে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং ৩টা ১৯ মিনিটে একেএম শাহজাহান কামাল মারা যান।
