পহেলা বৈশাখ থেকে দুই উপজেলায় বাজার খাজনা আদায় বন্ধের ঘোষণা এমপি মমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক পহেলা বৈশাখ থেকে দুই উপজেলার প্রায় ৪৫টি বাজারে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শাহরাস্তির উয়ারুক বাজারে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

স্থানীয় বাজারগুলোতে প্রান্তিক চাষি ও সাধারণ ব্যবসায়ীদের সহায়তা এবং ইজারা আদায়ের নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র জানায়, প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলো ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি থাকলেও নিয়মনীতি অনুসরণ করে এমপির নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় রাজস্ব আগেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ফলে বাজারে এখন থেকে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে আলাদা কোনো খাজনা আদায় করা হবে না।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, “এই উদ্যোগের ফলে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, কারণ আগেই রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। খাজনা আদায়ের নামে অনেক সময় সাধারণ মানুষ হয়রানির শিকার হন এবং কিছু ক্ষেত্রে চাঁদাবাজিও হয়। আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, শুধু বাজার নয়, বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডেও ইজারা ও চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। কোনো অজুহাতে মানুষের ওপর অন্যায় বা জুলুম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।