
প্রতিনিধি | পিরোজপুর : পিরোজপুরে দেশের অন্যতম প্রাচীন দৈনিক পত্রিকা ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের পিরোজপুর অফিসপ্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহম্মেদ শহীদুল হক চান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল জলিল আকন, সাংস্কৃতিক কর্মী জগৎপ্রিয় দাস বিশু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, এনসিপির জেলা সদস্যসচিব মো. আলামীন, সুজনের জেলা সম্পাদক মো. শাহ আলাম শেখ, সহকারী অধ্যাপক (অব.) ঈশ্বর চন্দ্র দাস এবং ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি আহদুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, নারী নেত্রী ও সমাজকর্মীরা অংশ নেন।
সুধী সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় দৈনিক ইত্তেফাকের ঐতিহাসিক ও অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতিসন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন অবদানের কথাও তুলে ধরেন তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, সাত দশকের বেশি সময় ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করে আসা দৈনিক ইত্তেফাক ভবিষ্যতেও আধুনিক প্রজন্মের চেতনার ধারক হয়ে শতবর্ষের পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
