উপকূলে যোগাযোগব্যবস্থা উন্নয়ন জরুরি: সংসদে গাজী নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৪ মাস আগে

সিরাজুল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলে দুর্যোগকালীন নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন জরুরি বলে জাতীয় সংসদে দাবি জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য বলেন, তাঁর নির্বাচনী এলাকা শ্যামনগর বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সড়ক ও যোগাযোগব্যবস্থা না থাকায় স্থানীয় মানুষ চরম ভোগান্তির শিকার হন।

তিনি শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে চৌদ্দরশি ব্রিজ হয়ে চাঁদনীমুখা পর্যন্ত মহাসড়ক নির্মাণ, চাঁদনীমুখা থেকে ডুমুরিয়া পর্যন্ত সড়ক উন্নয়ন এবং নয়াবেকি-খোলপেটুয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানান। এসব প্রকল্প বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

গাজী নজরুল ইসলাম বলেন, “যোগাযোগব্যবস্থা উন্নত না থাকায় দুর্যোগের সময় অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারেন না। এতে প্রাণহানি ও সম্পদের ক্ষতি বাড়ে।” তিনি মনে করেন, প্রয়োজনীয় সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়ন করা গেলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরও বলেন, শ্যামনগর দেশের সবচেয়ে বড় উপজেলাগুলোর একটি, যেখানে প্রায় সাত লাখ মানুষের বসবাস। প্রতিবছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা এ অঞ্চলে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা দেখান, যা ক্ষয়ক্ষতির অন্যতম কারণ।

সংসদ সদস্য বলেন, “রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে মানুষ গবাদিপশুসহ দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারবে।” তিনি দ্রুত এসব উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।