
নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা এখন ৩৪ জন। ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর
রবিবার সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থীর এ তালিকা প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, জাকের পার্টির মো. মোশারফ হোসেন, নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী মো. শিহাব উদ্দিন, জাকের পার্টির এ.টি.এম হোসেন হায়দার। নোয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী ডা. এ বি এম জাফর উল্লাহ, জাকের পার্টির মুহাম্মদ বাহার উদ্দিন, নোয়াখালী-৪ আসনে জাকের পার্টির সোহরাব উদ্দিন ও নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আয়েশা ফেরদাউস তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রথমে বৈধ প্রার্থী ছিলেন ৩৭ জন। এরপর নির্বাচন কমিশনে আপিল মঞ্জুরে প্রার্থীতা ফিরে পায় ৮ জন। এরমধ্যে নির্বাচন কমিশনের আদেশ মূলে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে চূড়ান্ত বৈধ প্রার্থী ৩৪ জন।
উল্লেখ্য, আগামীকাল (১৮ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
