নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান ও বসতঘর

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ ঘন্টা আগে

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউস হোটেলের একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুন দেখে হোটেলের কর্মীরা দ্রুত বের হয়ে যান। কিছুক্ষণ পর আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডারও বিস্ফোরিত হয়।

এরপর দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে হোটেল, একটি লাইব্রেরি, একটি কাপড়ের দোকান, একটি জুতার দোকান, একটি প্রসাধনীর দোকান ও একটি বসতঘর পুড়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।