
গিয়াস রনি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে গুলি ছোড়ার কারণ জানাতে পারেনি পুলিশ বা ভুক্তভোগীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয়ে বসেছিলেন। পরে রাত পৌনে ১২টার দিকে সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে কার্যালয় থেকে বের হন।
একপর্যায়ে তাঁরা হকার্স মার্কেটের মূল গলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেন্টু আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁর হাতে গুলির আঁচড় লাগে এবং সেন্টুর বুকের বাঁ পাশে গুলি লাগে।
পরে স্থানীয় লোকজন আহত ইয়াছিন সেন্টুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে।
